মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় এক জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির গেট ও একাধিক দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান হাতঘড়িসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়িটি মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রির। জজের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল। সেই সুযোগে গভীর রাতে চোরচক্র বাড়ির কোলাপসিবল গেট ও দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পরিবারের অভিযোগ, নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রীও চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
সোমবার সকালে বাড়ির ভাড়াটিয়ারা গেটের তালা ভাঙা দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে খবর দেন। পরে তিনি মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন