মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে তিন ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেপ্তার হওয়া সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে সাব্বির শেখকে আটক করা হয়। শ্রীনগর থানার একাধিক পুলিশ সদস্য তাকে হ্যান্ডকাফ পরানোর পর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ওই পরিস্থিতির সুযোগ নিয়ে সাব্বির শেখ পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা এলাকায় অভিযান চালান। রাতভর সাঁড়াশি তল্লাশির একপর্যায়ে পালানোর প্রায় তিন ঘণ্টা পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত জানান, সাব্বির শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে বিদ্যমান মামলার পরোয়ানা কার্যকর করতেই অভিযান চালানো হয়েছিল। পুনরায় গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলের নিবন্ধনও স্থগিত করা হয়।
✍️ মন্তব্য লিখুন