মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে দুধে পানি মেশানোর অভিযোগ তুলে প্রকাশ্য বাজারে কয়েকজন দুগ্ধ খামারিকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাজৈর উপজেলার খালিয়া এলাকা থেকে কয়েকজন খামারি টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন। এ সময় এনামুল বাঘা একটি ছোট পরিমাপক যন্ত্র নিয়ে বাজারে হাজির হয়ে নিজেকে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তার মতো উপস্থাপন করেন এবং ভেজাল দুধ শনাক্তকরণের নামে অভিযান শুরু করেন।
অভিযোগ রয়েছে, এক নারীসহ তিনজন দুধ বিক্রেতার বিরুদ্ধে পানি মেশানোর অভিযোগ তুলে তিনি দুই খামারির মাথায় দুধ ঢেলে দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বিষয়টিকে হাসি-তামাশার হিসেবে নিলেও ভুক্তভোগীরা চরম অপমান ও মানসিক নির্যাতনের শিকার হন।
পরবর্তীতে এনামুল বাঘা নিজেই ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকেরহাটের পূর্ব স্বরমঙ্গল এলাকায় নিজ বাড়ি থেকে এনামুল বাঘাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, কনটেন্ট তৈরির নামে কাউকে অপমান, হেনস্থা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন