মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও স্থানীয় গ্রামবাসীর সতর্কতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা গভীর রাতে কয়েকজন ব্যক্তিকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে এবং বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন। তাদের জাতীয়তা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় তারা সীমান্তবর্তী এলাকায় অবস্থান করলেও বিজিবির কড়া নজরদারির কারণে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশ-ইনের অভিযোগ বেড়েছে। মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট ও ঠাকুরগাঁওসহ একাধিক জেলায় বিজিবির প্রতিরোধের মুখে এমন কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন মেনে প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন