বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জনসম্মুখে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার বিকেলে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে স্থানীয় ব্যবসায়ী মাহবুব আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় আরও দুটি দোকানে নিষিদ্ধ জাল পাওয়া গেলেও অভিযানের খবর পেয়ে দোকান মালিকরা পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তবে দোকানে মজুত থাকা জালগুলো জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়েছে। কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের ডিম, পোনা ও ছোট মাছ নির্বিচারে ধ্বংস হয়, যা প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, টুনিরহাটসহ সীমান্তবর্তী বাজারগুলোতে দীর্ঘদিন ধরে গোপনে কারেন্ট জাল বিক্রির অভিযোগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে অবৈধ জাল ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন