ডেস্ক নিউজ
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান বলে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সভায় তিনি রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি নৃশংস ও হৃদয়বিদারক ঘটনার পর দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন যে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সদস্যরাও আলোচিত এ মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। সম্প্রতি রামিসা হত্যাকাণ্ড দেশের জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো আহ্বান জানানো হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
✍️ মন্তব্য লিখুন