নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:১৮ মে ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষার শেষ দিনে উত্তরপত্র না দেখানোকে কেন্দ্র করে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারইয়ারহাট ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে। ওই দিন এসএসসির বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।
আটক শিক্ষার্থীরা হলেন— সাজিদ হোসেন রাফি (১৭), মুক্তাদুল ইসলাম মাহিদ (১৭), নওশীন ইসলাম রামীম (১৭) ও মোশারফ হোসেন (১৭)। তারা সবাই করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে একই কেন্দ্রের পরীক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান ও মুনায়েমের কাছে উত্তরপত্র দেখানোর অনুরোধ করে কয়েকজন পরীক্ষার্থী। কিন্তু তারা উত্তরপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে জিহান ও মুনায়েমের ওপর হামলা চালায় ৮ থেকে ১০ জনের একটি দল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করেরহাট বাজার এলাকা থেকে চারজনকে আটক করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “রাতভর অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সহনশীলতা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
✍️ মন্তব্য লিখুন