প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৩৮ পিএম
আপডেট: ১০ মে ২০২৬, ১০:৩৯ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও কৌশলগত পদক্ষেপ এখনও শেষ হয়নি। তাঁর দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত এই “যুদ্ধের লক্ষ্য” অর্জিত হবে না।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, পারমাণবিক উপকরণ এবং বিভিন্ন সশস্ত্র প্রক্সি গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে। তাঁর ভাষায়, “আমরা কিছু জিনিস ধ্বংস করেছি, কিন্তু সবকিছু এখনও রয়ে গেছে—কাজ বাকি আছে।”
তবে কীভাবে এবং কখন এসব লক্ষ্য পূরণ করা হবে—এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা বা পরিকল্পনা প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর ও সংরক্ষণ করা যেতে পারে। মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৫ সালে এ ধরনের একটি প্রক্রিয়া বাস্তবায়নে রাশিয়া সহায়তা করেছিল এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আবারও কাজ করতে প্রস্তুত।
ইরান বিষয়ক এই নতুন উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশ্লেষকদের মতে, সামরিক অবস্থানের পাশাপাশি কূটনৈতিক প্রস্তাবগুলোও ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এদিকে আল জাজিরার সূত্র অনুযায়ী, আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইরান নিজ অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখছে এবং সাম্প্রতিক কিছু অভিযোগকে “ভুয়া” বলে প্রত্যাখ্যান করেছে।
✍️ মন্তব্য লিখুন