প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৩৭ PM
রাজধানীর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে সাদিক কায়েম-এর নাম ঘোষণা করেছে।
শুক্রবার (১ মে) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। প্রার্থী হিসেবে ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে জামায়াত। একই সঙ্গে ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই দলটির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন নেতারা।
এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং দল নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করেছেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যদিও এখনো তিনি প্রকাশ্যে বড় ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি ইতোমধ্যে জোরদার হয়েছে। নতুন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
✍️ মন্তব্য লিখুন