ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নিতে সরাসরি সংসদ লবিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীরা তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নিয়ে যান। সেখানে উপস্থিত চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসকদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানা গেছে। এরপর জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদের ভেতরে বিরোধী দলের একজন সদস্যের অসুস্থতায় প্রধানমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিক সৌহার্দ্য ও সহমর্মিতার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক বিভাজনের মধ্যেও এ ধরনের মানবিক উদ্যোগ গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সংসদীয় শিষ্টাচার ও পারস্পরিক সম্মানের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
✍️ মন্তব্য লিখুন