প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এ তালিকায় স্থান পাননি দলের বেশ কয়েকজন পরিচিত ও প্রভাবশালী নারী নেত্রী, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, জাতীয় কমিটির সদস্যদের মাধ্যমে দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড এই তালিকা চূড়ান্ত করেছে।
❖ তালিকার বাইরে যেসব পরিচিত মুখ
সংরক্ষিত নারী আসনের এ তালিকায় স্থান পাননি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সহসভাপতি নাজমুন নাহার বেবী, কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।
এছাড়াও বাদ পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, প্রয়াত নেতা মওদুদ আহমদ–এর স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এসব নেত্রীদের বাদ পড়া নিয়ে দলীয় ভেতরে-বাইরে নানা প্রশ্ন উঠছে।
❖ মনোনীতদের তালিকায় কারা আছেন
বিএনপির ঘোষিত ৩৬ জনের তালিকায় রয়েছেন—সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, ব্যারিস্টার সৈয়দা শাকিলা ফরজানা, হেলেন জেরিন খান, নিলোফার মনি চৌধুরী, নিপুন রায় চৌধুরী, জেবা আমিন খানসহ আরও অনেকে।
❖ রাজনৈতিক বিশ্লেষণ
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে বিএনপি সংরক্ষিত নারী আসনে নতুন মুখ ও সংগঠনিকভাবে সক্রিয় নেত্রীদের প্রাধান্য দিতে চেয়েছে। তবে হেভিওয়েট নেত্রীদের বাদ পড়া দলীয় ভারসাম্য ও অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের এই তালিকা এখন নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরই তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
✍️ মন্তব্য লিখুন