প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, রাত ৮:৪৩
দেশের আলোচিত মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসক নন, বরং অসহায় ও দরিদ্র মানুষের আস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাঁর কাছে অবৈধ চাঁদা দাবি করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, অধ্যাপক কামরুল ইসলাম বরাবরই এ ধরনের অবৈধ দাবি প্রত্যাখ্যান করেছেন। এর জেরে সম্প্রতি ওই চক্র তাঁর সঙ্গে অশোভন ও নিন্দনীয় আচরণ করে। তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের মানবিক ও সেবাধর্মী চিকিৎসকদের কার্যক্রম বাধাগ্রস্ত করে কারা জনগণকে বঞ্চিত করছে।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, এ ধরনের ‘দুষ্ট চক্র’কে কঠোরভাবে দমন করা সময়ের দাবি এবং জনগণের প্রত্যাশা। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ঘটনার দৃশ্যমান বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
শেষে অধ্যাপক কামরুল ইসলামের সুস্বাস্থ্য ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন ডা. শফিকুর রহমান এবং অন্যায়কারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
✍️ মন্তব্য লিখুন