নিজস্ব প্রতিবেদক
পাবনা, ১০ এপ্রিল ২০২৬
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় ঘটনাটি ঘটে। আটক পরীক্ষার্থীর নাম মো. ইমন (রোল নম্বর: ১৫২৩৪৯)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালালে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী স্বীকার করেন, তিনি মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে উত্তর মিলানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি সফল হতে পারেননি বলে জানান। একইসঙ্গে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান বলেন, “পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা প্রযুক্তির অপব্যবহার বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি আরও জোরদার করা হবে।
শিক্ষাবিদরা মনে করছেন, প্রযুক্তির অগ্রগতির এই যুগে পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল ও কঠোর নজরদারি অপরিহার্য হয়ে উঠেছে। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন