১১ মার্চ ২০২৬, পিয়ংইয়ং
ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি পরীক্ষার পর্যবেক্ষণ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, পিয়ংইয়ং এ পরীক্ষা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে।
কেসিএনএ জানিয়েছে, কিম তার কিশোরী মেয়ের সঙ্গে একটি অজ্ঞাত প্রত্যন্ত অভ্যন্তরীণ স্থান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে পরীক্ষাটি দেখেছেন। ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিম উপকূলে নামফোর কাছে চো হিওন ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো হলুদ সাগরের উপরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করে।
কিম জং উন বলেন, “আমাদের যুদ্ধ প্রতিরোধ সক্ষমতার উপাদানগুলো এখন অত্যন্ত উন্নত অপারেশনাল ব্যবস্থার মধ্যে ধারাবাহিকভাবে কার্যকর ও দ্রুতগতিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের পারমাণবিক বাহিনীও বহুমাত্রিক কার্যক্রম পরিচালনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।”
এর আগে, গত সপ্তাহে নতুন ডেস্ট্রয়ারটি কমিশনিংয়ের আগে একই ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল। এবার পরীক্ষা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ১১ দিনের ফ্রিডম শিল্ড মহড়ার একদিন পর। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরে মিত্রদের সম্মিলিত সামরিক মহড়াকে ‘আক্রমণের মহড়া’ হিসেবে নিন্দা করে আসছে।
উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক পরীক্ষাগুলো দেশটির সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি মার্কিন ও দক্ষিণ কোরিয়ার কৌশলগত প্রভাবের প্রতিবাদ হিসেবেও বিবেচিত।
✍️ মন্তব্য লিখুন