নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৫:১২
জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ প্রস্তাব দিয়েছে বিএনপি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে এবং সংসদের কার্যক্রম সাংবিধানিক বিধান অনুসারেই পরিচালিত হবে।
মন্ত্রী জানান, সংসদে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সংসদীয় কার্যক্রমে ভারসাম্য রক্ষার স্বার্থে ডেপুটি স্পিকারের পদে বিরোধী দল থেকে প্রতিনিধি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের জাতীয় সংসদের কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই। সংসদে অংশ নিতে হলে অবশ্যই নির্বাচিত সংসদ সদস্য হতে হবে। “শুধুমাত্র এমপিরাই জাতীয় সংসদে বক্তব্য দিতে ও কার্যক্রমে অংশ নিতে পারেন,” বলেন তিনি।
সংবিধান সংস্কার নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে নানা মতামত ও দাবি উত্থাপন রাজনৈতিক অধিকার হিসেবে বিবেচিত হতে পারে। তবে জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংবিধানের বাইরে কোনো বিষয় উত্থাপন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রের চর্চা শক্তিশালী করতে সরকার সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহী। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে জানান তিনি।
✍️ মন্তব্য লিখুন