প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৩:০২ PM
অনলাইন সংস্করণ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগিরই এ-সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রোববার (১ মার্চ) এনটিআরসিএ-এর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগ ও সুপারিশ সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে আসছেন। রোববার সকাল থেকেই তারা এনটিআরসিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেন এবং তাদের দাবির পক্ষে একটি স্মারকলিপি জমা দেন।
বৈঠকে উপস্থিত এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, আন্দোলনরত নিবন্ধনধারীদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার নির্দেশ দেন। তিনি একটি কমিটি গঠন করে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের অবস্থা, সুপারিশ প্রক্রিয়া ও নীতিগত জটিলতা পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন।
তিনি আরও জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং স্বল্প সময়ের মধ্যেই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরবর্তীতে ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নিবন্ধনধারীদের দাবি, পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া, শূন্যপদের প্রাপ্যতা এবং বিদ্যমান নীতিমালার সীমাবদ্ধতা—এসব বিষয় পর্যালোচনার ওপর জোর দেওয়া হবে। সংশ্লিষ্ট মহলের মতে, প্রতিবেদনটি জমা হওয়ার পরই ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের বিষয়ে সরকারের পরবর্তী অবস্থান স্পষ্ট হতে পারে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে ১–১২তম নিবন্ধনধারীরা বিভিন্ন সময়ে আন্দোলন ও স্মারকলিপি দিয়ে আসছেন। তাদের দাবি, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও অনেকেই এখনো শিক্ষক নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন, যা সমাধানে দ্রুত নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন বলে তারা মনে করছেন।
✍️ মন্তব্য লিখুন