স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং নগর প্রশাসন পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা তাঁদের নিজ নিজ সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং নাগরিক সেবার মানোন্নয়ন ও নগর উন্নয়নে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর নগর সেবার ধারাবাহিকতা বজায় রাখা, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎকে প্রশাসনিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন