ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবার মান উন্নত করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. আবদুস সালামের নেতৃত্বে চলমান উন্নয়ন প্রকল্প, নগর অবকাঠামো রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে সড়ক, পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা সংক্রান্ত সেবাগুলোতে কার্যকর সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সেবাপ্রদান কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা এড়াতে দ্রুত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের মাধ্যমে ডিএসসিসির সার্বিক কার্যক্রমে নতুন প্রশাসনিক তদারকি শুরু হলো।
✍️ মন্তব্য লিখুন