নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির মধ্যে কলাগাছের ভেলায় একটি মরদেহ বহনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হচ্ছে, বন্যার কারণে দাফনের জন্য শুকনো মাটি না পেয়ে মরদেহ ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, এমন দাবি সঠিক নয়; ভিডিওটি বাস্তব ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে প্রচার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ফোরকান। বন্যায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মরদেহ কবরস্থানে নেওয়ার জন্য স্বজনেরা কলাগাছ দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করেন। সেই ভেলায় মরদেহ বহন করে পরে জানাজা শেষে যথাযথভাবে দাফন সম্পন্ন করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ভিডিওটি এমনভাবে প্রচার করা হয়েছে যেন দাফনের জন্য কোনো মাটি ছিল না বা প্রশাসনের সহযোগিতা মেলেনি। বাস্তবে এমন কিছু ঘটেনি। তাঁর ভাষ্য, ভেলায় মরদেহ বহনের ঘটনাটি সত্য হলেও সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে “ভিউ ব্যবসা” করা হচ্ছে।
ইউএনও আরও জানান, জেলা প্রশাসন বিষয়টি ফ্যাক্ট-চেক করছে। তিনি গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানান।
এদিকে, প্রশাসনের তথ্য অনুযায়ী, চলমান বন্যায় সাতকানিয়ার কিছু এলাকায় কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি কবর থেকে মরদেহ সরে যাওয়ার ঘটনাও ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে পুনরায় দাফন করা হয়েছে। তবে ভাইরাল ভিডিওটির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই।
✍️ মন্তব্য লিখুন