খাগড়াছড়ি প্রতিনিধি
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা শুরু করেছে। চিকিৎসাসেবার পাশাপাশি বন্যাকবলিত মানুষের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হচ্ছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় চিকিৎসক দল ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন গ্রামে পৌঁছে অসুস্থ, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছেন। জ্বর, ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট এবং পানিবাহিত বিভিন্ন রোগের লক্ষণ নিয়ে আসা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। পানি জমে থাকায় স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প দুর্গত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে।
এদিকে বন্যাকবলিত এলাকায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে মহালছড়ি সেনা জোন। প্রয়োজনে আরও মেডিকেল টিম মোতায়েন, ওষুধ সরবরাহ এবং দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনও জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্গত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ জরুরি সহায়তা নিশ্চিত করতে সেনাবাহিনী, প্রশাসন ও অন্যান্য সরকারি সংস্থার সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।
✍️ মন্তব্য লিখুন