আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ মে) গাজার বিভিন্ন এলাকায় নতুন করে চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সূত্র জানায়, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হন। হামলার সময় সেখানে সাধারণ মানুষ অবস্থান করছিলেন। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল-আকসা মার্টার্স হাসপাতাল হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা সিটি ও আশপাশের এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, চলমান সংঘাতের মধ্যেই এবারও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন গাজার বাসিন্দারা। টানা তৃতীয় বছরের মতো যুদ্ধ, অবরোধ ও খাদ্যসংকটের কারণে অনেক পরিবার কোরবানি দিতে পারেনি। বহু মানুষ বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও হামলা ও পাল্টা হামলা থামছে না। আন্তর্জাতিক মহল দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছে।
✍️ মন্তব্য লিখুন