অনলাইন ডেস্ক | প্রকাশ: ১৬ মে ২০২৬, ১১:২৭ এএম
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনে তিনি দেশের রাজনীতি, শিল্পখাত এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাজনৈতিক জীবন
মিজানুর রহমান সিনহা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন জ্যেষ্ঠ নেতা। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময় ২০২০ সালে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও, পরবর্তীতে ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে পরে তার স্থলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়।
তিনি বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম খান বাদলকে এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন।
শিক্ষা ও ব্যক্তিজীবন
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার পিতা হামিদুর রহমান সিনহা এবং মাতা নূরজাহান সিনহা। তাদের পারিবারিক বাড়ি ‘সিনহা হাউজ’ স্থানীয়ভাবে একটি পরিচিত ও দর্শনীয় স্থান হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।
শৈশবের একটি অংশ কলকাতায় কাটানোর পর তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ব্যবসায়িক অবদান
১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন মিজানুর রহমান সিনহা। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে পারিবারিক শিল্পপ্রতিষ্ঠান একমি গ্রুপ-এ যোগ দেন। ১৯৮৩ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বে একমি গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে সম্প্রসারিত হয়। শিল্প, কর্মসংস্থান ও অর্থনীতিতে অবদানের জন্য ব্যবসায়ী মহলেও তিনি সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, ব্যবসায়ী সমাজ এবং মুন্সীগঞ্জ অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।
✍️ মন্তব্য লিখুন