নিজস্ব প্রতিবেদক | ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী পড়ার টেবিলে বসে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম জীবক চাকমা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জীবক বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা সংলগ্ন আবাসিক হলে থাকতেন। তার বাড়ি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়ায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা থাকায় পার্বত্য অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বিজু উৎসব উপলক্ষেও তিনি বাড়িতে যাননি। রবিবার সকালে নিজ কক্ষে পড়ার টেবিলে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব চৌধুরী জানান, অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার জ্ঞান ছিল না, এবং অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরাই দ্রুত তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ মর্মান্তিক ঘটনায় সহপাঠী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে গভীর শোক বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন