ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪২ PM
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কারণে বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ জোরদার করেছে সরকার। সেই প্রেক্ষিতে আসন্ন বাংলাদেশ–নিউজিল্যান্ড সাদা বলের সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ক্রীড়া খাত থেকেও উদ্যোগ নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় পূর্বনির্ধারিত দিবারাত্রির ম্যাচগুলো দিনের আলোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রাথমিক সূচি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা থেকে এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায়।
তবে সংশোধিত সূচি অনুযায়ী, সব ম্যাচই এখন দিনের আলোতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টা থেকে, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।
বিসিবি সূত্রে জানা গেছে, রাতের ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় ফ্লাডলাইট ব্যবহারে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়। বর্তমান পরিস্থিতিতে সেই চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শক উপস্থিতি ও সম্প্রচার সূচির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
চলতি মাসেই নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবে নতুন সূচি অনুযায়ী ম্যাচ আয়োজনের জন্য সংশ্লিষ্ট ভেন্যুগুলোতে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল সাময়িক সংকট মোকাবিলার উদ্যোগ নয়, বরং ভবিষ্যতে বড় আসরগুলোতেও পরিবেশ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব পেতে পারে।
✍️ মন্তব্য লিখুন