আন্তর্জাতিক ডেস্ক
ইতালির ভেনিসে অনুষ্ঠিত ‘সন অব এ পিচ অ্যাওয়ার্ড–২০২৬’ আসরে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হাওয়াই মিঠাই’–এর জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ক্যামpari লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার হস্তান্তর করা হয়।
রাকায়েত রাব্বির এই অর্জন উদ্যাপন উপলক্ষে ভেনিসের মেস্ত্রেতে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী নাসিম রহমান ও তপন সালামের উদ্যোগে এবং বাংলা প্রেসক্লাব ভেনিসের সহযোগিতায় আয়োজিত সভায় চলচ্চিত্রটির প্রধান চরিত্রের অভিনেতা মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ‘হাওয়াই মিঠাই’ চলচ্চিত্রের গল্প, নির্মাণের প্রেক্ষাপট ও আন্তর্জাতিক স্বীকৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
যুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটিতে একটি শিশুর মনস্তত্ত্বের মধ্য দিয়ে যুদ্ধের নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত পরিবেশে একটি শিশু বুলেটের খোসা কুড়িয়ে বিক্রেতার কাছে জমা দিয়ে বিনিময়ে হাওয়াই মিঠাই কিনছে।
শিশুর নিষ্পাপ দৃষ্টিভঙ্গির মাধ্যমে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার এই মানবিক ও সংবেদনশীল উপস্থাপন আন্তর্জাতিক বিচারকদের প্রশংসা কুড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
রাকায়েত রাব্বির এই সাফল্যে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই স্বীকৃতি বাংলাদেশের তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও বড় পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে।
✍️ মন্তব্য লিখুন