মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় একটি মুদি ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় গুদামের মালিক মোহাম্মদ সবুর তালুকদারকে আটক করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায় মেসার্স শোভা স্টোরের গুদামে এ অভিযান চালানো হয়। অভিযানে ৭৮টি ব্যারেলে রাখা ওই তেল পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গুদামে বিপুল পরিমাণ অপরিশোধিত সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে তথ্যের সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ৭৮টি ব্যারেলে মোট ১৫ হাজার ৬০০ লিটার তেল পাওয়া যায়।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের দাবি, তেলগুলো চোরাচালানের মাধ্যমে এনে গুদামে মজুত করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সবুর তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জব্দ করা তেলের উৎস, আমদানি বা ক্রয়ের বৈধ কাগজপত্র এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানসংশ্লিষ্টরা জানান, জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে। এর আগে একই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ভোজ্যতেল উদ্ধারের ঘটনা ঘটেছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
✍️ মন্তব্য লিখুন