নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৩ হাজার ৫৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালেও নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৯১ জন, খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩৬ জন, রংপুর বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্ষাকালে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
✍️ মন্তব্য লিখুন