ঢাকা প্রতিনিধি
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন শহরে আবারও চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এসব ‘পিংক বাসে’ যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রাথমিকভাবে ১০টি বাস বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বগুড়াতেও এ সেবা চালু করা হয়েছে। চট্টগ্রামে দুটি বাস কালুরঘাট থেকে পতেঙ্গা এবং বগুড়ায় দুটি বাস শেরপুর–মাটিডালি রুটে চলাচল করবে।
ঢাকায় নির্ধারিত রুটে পিংক বাসের নিয়মিত চলাচল শুরু হবে বুধবার (১৯ আগস্ট) থেকে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এর আগে কয়েক দফা পৃথক ‘মহিলা বাস’ চালুর উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। পর্যাপ্ত যাত্রী না পাওয়া, রুট নির্বাচন ও পরিচালনাগত নানা সমস্যার কারণে আগের উদ্যোগগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার সেবাটি কতটা টেকসই হয়, সেটিই দেখার বিষয়।
✍️ মন্তব্য লিখুন