নিজস্ব প্রতিবেদক
ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব যানবাহন সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে রিচার্জ করা হলে জরিমানার পাশাপাশি নিবন্ধন ও নিবন্ধন নবায়ন না দেওয়ার বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন-সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি করপোরেশন ও পৌরসভার নিবন্ধনের আওতায় আনা হবে। তবে নিবন্ধনের অন্যতম শর্ত হবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে রিকশার ব্যাটারি রিচার্জ করা। সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করা হলে নিবন্ধন বা নবায়ন দেওয়া হবে না এবং জরিমানার মুখে পড়তে হবে।
ঢাকায় ই-রিকশা চলাচলের জন্য আটটি জোন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। প্রতিটি জোনের রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে এবং এক জোনের রিকশা যাতে অন্য জোনে যেতে না পারে, তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বর্তমানে বিধিমালা তৈরির কাজ চলছে।
তিনি জানান, ই-রিকশার নিবন্ধন দেবে সিটি করপোরেশন; বিআরটিএ এ যানবাহনের নিবন্ধন করবে না। বিধিমালায় নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণের পাশাপাশি ফিটনেস সনদের বিষয়টিও রাখা হচ্ছে। নিবন্ধন নবায়নের সময় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নেওয়ার শর্ত থাকবে।
সভায় সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। সরকারি কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের দুই অতিরিক্ত সচিবের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটিগুলো সৌরবিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের পদ্ধতি ও সম্ভাব্য ব্যয় নির্ধারণে কাজ করবে।
সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ একটি নির্দেশনা জারি করেছে। এর ধারাবাহিকতায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কার্যালয়গুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন