কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন এবং তাঁর ভাই রুবেল মাহমুদ রতন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা পবন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ভেড়ামারা উপজেলা শাখার সহসভাপতি। তাঁর ভাই রুবেল মাহমুদ রতন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
পুলিশের ভাষ্য, দুই ভাই দীর্ঘদিন ধরে গোপনে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ভেড়ামারা থানা-পুলিশ ও কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পাশে অভিযান চালান। সেখানে খিচুড়ি রান্নার আয়োজন চলছিল বলে পুলিশ দাবি করেছে।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সোহেল রানা পবন ও তাঁর ভাই রুবেল মাহমুদ রতনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা খিচুড়ি রান্না করছিলেন। তাঁরা সেখানে সংগঠিত হচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দাবি, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ বা সংগঠিত কার্যক্রম যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়, সে জন্যই অভিযান চালানো হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
✍️ মন্তব্য লিখুন