জামালপুর সংবাদদাতা
জামালপুরে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকলেও এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান। বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ১১ জন। এ বছর বিদ্যালয়টি থেকে মাত্র তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে ফল প্রকাশের পর দেখা যায়, তিনজনই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়টি এবারই প্রথম এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাঠিয়েছে।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন।
জামালপুরে একইভাবে আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সরিষাবাড়ী উপজেলার ছাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এমপিওভুক্ত এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন চারজন।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তাদেরও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, জেলার যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেগুলো সবই এমপিওভুক্ত। প্রতিষ্ঠানগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এরপরও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণ জানতে প্রতিষ্ঠানগুলোর কাছে জবাবদিহি চাওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জামালপুরে ৮৫টি কেন্দ্রে মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩২১ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৪ হাজার ২৭৩ জন। জেলায় এবার মোট পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।
✍️ মন্তব্য লিখুন