চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরতে অভিনব কৌশল নিল পুলিশ। পুলিশের ইউনিফর্ম নয়, বরং কৃষকের ছদ্মবেশে ফসলি মাঠে প্রবেশ করে শেষ পর্যন্ত ওই আসামিকে গ্রেপ্তার করেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
শনিবার সন্ধ্যায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাওতা গ্রামের একটি ফসলি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি সুশীল (৪৫), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ীহাট টাওয়ারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১৭ সালের একটি মাদক মামলায় আদালতের রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছিলেন।
পুলিশ জানায়, এর আগে তিন দফা অভিযান চালিয়েও সুশীলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি নিয়ামতপুরের একটি ফসলি মাঠে কৃষিকাজ করছেন। এরপর এএসআই ফরহাদ হোসেন অন্য পুলিশ সদস্যদের কাছের একটি বাজারে অবস্থান করতে বলে নিজে লুঙ্গি পরে, খালি গায়ে কৃষকের ছদ্মবেশে মাঠে প্রবেশ করেন।
এএসআই ফরহাদ হোসেন জানান, কাছাকাছি পৌঁছানোর পর সুশীল তাঁকে চিনতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। অভিযানের পর ঘটনাস্থলে নাচোল থানা পুলিশের অন্য সদস্যরাও উপস্থিত হন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আদালতের সাজা কার্যকর করতে দীর্ঘদিন ধরে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
✍️ মন্তব্য লিখুন