নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার গঠনের পর জনগণ এখন সহযোগিতার মনোভাব নিয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। তবে এক থেকে দেড় বছর পর মানুষ সরকারের কাছে স্বাভাবিকভাবেই জবাবদিহিতা ও দৃশ্যমান উন্নয়নের প্রত্যাশা করবে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলার লামচরি জামে মসজিদ কমিটির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রায় পাঁচ মাস আগে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এই সময়ে সাধারণ মানুষ সরকারকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে উন্নয়ন কার্যক্রম শুরু করার সুযোগ দিচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশা বাড়বে এবং তখন সরকারের কাজের মূল্যায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে। পরিকল্পনা থাকাই যথেষ্ট নয়, সেগুলো বাস্তবায়ন করে দৃশ্যমান ফল দেখানোই সরকারের মূল দায়িত্ব। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের উন্নয়নে আন্তরিকতা দেখিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, লক্ষ্মীপুরে দীর্ঘদিনের দাবি ছিল রেললাইন, উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন। এসব বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় জনগণ আরও সহজে সরকারি সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকসেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। উন্নয়নমূলক কাজ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পরে মন্ত্রী নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ এবং বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন