ঢাকা, ১২ জুন — প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৩ জুন) একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, এ সফরে তিনি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং রাজনৈতিক জনসভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে পৌঁছানোর পর সদর উপজেলার পিএমখালী এলাকায় ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয় জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যও দেবেন।
পরে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান-২৪–এর শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর পেকুয়ার বাসভবনে মধ্যাহ্নভোজ ও স্বল্প বিশ্রামের পর বিকেলে চকরিয়া বাস টার্মিনালে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক ব্যবস্থা।
সন্ধ্যায় কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন