ডেস্ক প্রতিবেদন
কক্সবাজার ও কুতুবদিয়া উপকূলবর্তী এলাকায় ১০ দিনব্যাপী তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মহড়াকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফায়ারিং রেঞ্জ ও আশপাশের জলসীমা-আকাশসীমায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, জেলে, নৌযানচালক এবং আকাশপথ ব্যবহারকারীদের নির্ধারিত এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিমান সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ (VGD-2) এবং কক্সবাজার ফায়ারিং রেঞ্জ (VGD-43) এলাকায় যুদ্ধবিমান থেকে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ পরিচালিত হবে। এ সময় উভয় রেঞ্জকে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, VGD-2 রেঞ্জে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট এবং VGD-43 রেঞ্জে ২৬ হাজার ফুট পর্যন্ত উচ্চতাকে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে মহড়া চলাকালে নির্ধারিত আকাশসীমা ও জলসীমায় প্রবেশ না করার জন্য বিমান, জাহাজ, ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য ছোট নৌযানকে সতর্ক করা হয়েছে।
বিশেষ করে কুতুবদিয়া দ্বীপ ও এর সংলগ্ন উপকূলীয় এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিমান বাহিনী। নিরাপত্তার স্বার্থে মহড়ার সময় নির্ধারিত এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি সম্প্রচারমাধ্যমকে সতর্কতামূলক বার্তা প্রচারের অনুরোধ জানানো হয়েছে। বিপজ্জনক এলাকার মানচিত্রসহ সতর্কবার্তা নিয়মিত প্রচারের মাধ্যমে স্থানীয় জনগণকে ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ। তবে জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
✍️ মন্তব্য লিখুন