অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:১৮ পিএম
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রকৌশল প্রতিযোগিতা ‘ইকোগ্রিগেট বোল: ইউনিভার্সিটি অব মালয়া সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (ইউএমসিভিইসি) ২০২৬’-এ ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন Islamic University of Technology–এর পাঁচ শিক্ষার্থী। টেকসই নির্মাণ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ‘গ্রিন সেলফ-কমপ্যাক্টিং কংক্রিট’ (এসসিসি) মিক্স ডিজাইন উপস্থাপন করে আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করে ‘টিম আইইউটি’।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার University of Malaya–তে। ১৬ মে কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশল শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে উদ্ভাবনী ধারণা, টেকসই নির্মাণ প্রযুক্তি এবং পরিবেশবান্ধব প্রকৌশল সমাধান উপস্থাপন করে আলোচনায় আসে বাংলাদেশের দলটি।
টিম আইইউটির সদস্যরা হলেন রাজিত মুহাম্মদ চৌধুরী, আলি ইন্তিসার, সাদমান আহমেদ সাবুব, মো. শোয়াইব ও মো. রাগিব জাওয়াদ সাফাত। তারা শিল্পকারখানার বর্জ্য উপাদান এবং শতভাগ পুনর্ব্যবহৃত ইটের খোয়া ব্যবহার করে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সেলফ-কমপ্যাক্টিং কংক্রিট’ তৈরি করেন।
শিক্ষার্থীদের দাবি, তাদের উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে নির্মাণ খাতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে কংক্রিট কাঠামোর সম্ভাব্য স্থায়িত্ব ১৩৯ বছরেরও বেশি হতে পারে বলে তারা গবেষণায় তুলে ধরেন। উদ্ভাবনী ধারণা, পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘস্থায়িত্বের সম্ভাবনায় বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে টিম আইইউটির প্রকল্প।
দলটির গবেষণা ও প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হয় অধ্যাপক Dr. Md. Tarek Uddin–এর তত্ত্বাবধানে। তিনি আইইউটির এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর এবং ACI Bangladesh Chapter–এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই অর্জনকে দেশের টেকসই প্রকৌশল গবেষণা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব নির্মাণ প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে বৈশ্বিক গবেষণা ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
✍️ মন্তব্য লিখুন