ডুয়েট প্রতিনিধি
প্রকাশ, ১৭ মে ২০২৬
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টাধাওয়া, মারধর ও উত্তেজনায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শিক্ষার্থীদের একটি অংশ সরকারের সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসিকে প্রত্যাখ্যান করে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রোববার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, বহিরাগতদের নিয়ে এসে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। পরে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন হল ও একাডেমিক ভবনে আশ্রয় নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে এবং কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
ডুয়েটে দীর্ঘদিন ধরেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও বিভিন্ন ছাত্রসংগঠনের গোপন তৎপরতা নিয়ে আলোচনা ছিল। এর আগেও ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের কার্যক্রম নিয়ে উত্তেজনার খবর প্রকাশিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা এবং ভিসি নিয়োগ ইস্যুতে স্বচ্ছ সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন