সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তথ্য ও কাগজপত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হবে।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের জমা দেওয়া শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও খতিয়ে দেখা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই কার্যক্রমে কোনো ধরনের অসঙ্গতি, ভুয়া সনদ বা ভুল তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
✍️ মন্তব্য লিখুন