ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত একটি চাইনিজ ফ্যাক্টরিতে চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নবীন ফ্যাশন। এ লক্ষ্যে তৃতীয় লিঙ্গের ১০০ জন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ থেকে ৩৫ বছর বয়সী যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, আবাসনের সুবিধা এবং প্রতিদিন এক বেলা খাবারের ব্যবস্থাও থাকবে। সাপ্তাহিক একদিন ছুটি দেওয়া হবে, যা প্রয়োজন অনুযায়ী মাসে একত্রে ভোগ করা যাবে।
প্রতিদিন ১০ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিরতি থাকবে। এছাড়া নামাজের জন্য নির্ধারিত সময়ও রাখা হবে বলে জানানো হয়েছে।
নবীন ফ্যাশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের চাইনিজ বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে বিদেশে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে রাজধানীর চকবাজারে অবস্থিত নির্ধারিত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটি কেবল প্রকৃত চাকরিপ্রত্যাশীদের আবেদন করার আহ্বান জানিয়েছে।
✍️ মন্তব্য লিখুন