মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে রাজধানীতে কবর জিয়ারত, দোয়া ও ফাতিহা পাঠ করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দলটির নেতাকর্মীরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এ কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলসহ মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি গণকবরগুলোতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেডিপির মুখপাত্র নাঈম আহমাদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর ভয়াবহ গণহত্যা চালায়। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, এই পরিকল্পিত হত্যাযজ্ঞের মধ্য দিয়েই বাঙালির প্রতিরোধ শুরু হয়, যা পরবর্তীতে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে রূপ নেয়। অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।
নাঈম আহমাদ বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতিষ্ঠা অপরিহার্য। একই সঙ্গে তিনি একাত্তরের গণহত্যা ছাড়াও অন্যান্য জাতীয় ট্র্যাজেডির বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ কর্মসূচিতে জেডিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান হোসেন রাহাত, মুত্তাকী বিন মুনির, নাকিবুর রহমান, মাহতাব হোসাইন সাব্বিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন