নিউজ রিপোর্ট অনলাইন সুত্রে 
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও আইনপ্রণেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। 
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া এই হামলা শুক্রবার ভোর পর্যন্ত চলে। মোটরসাইকেলে করে আসা শতাধিক বন্দুকধারী গ্রামটি ঘিরে নির্বিচারে গুলি চালায় এবং বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয়। 
স্থানীয় এক আইনপ্রণেতা জানান, হামলায় নিহতদের মধ্যে কৃষক ও ব্যবসায়ীসহ সাধারণ গ্রামবাসী রয়েছেন। একই সঙ্গে বহু নারী ও শিশুকে অপহরণ করা হয়েছে এবং অনেক মানুষ প্রাণ বাঁচাতে জঙ্গলে পালিয়ে যায়। 
নাইজেরিয়ার এই অঞ্চল দীর্ঘদিন ধরে সশস্ত্র ‘ব্যান্ডিট’ গোষ্ঠীর হামলা, অপহরণ ও হত্যাকাণ্ডে জর্জরিত। নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান জোরদার করলেও সহিংসতা থামছে না। 
বিশ্লেষকদের মতে, দারিদ্র্য, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় এমন হামলা প্রায়ই ঘটছে, যা দেশটির মানবিক সংকটকে আরও গভীর করছে। 
✍️ মন্তব্য লিখুন