ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬ – যাত্রী ধারণ ক্ষমতা বাড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, “প্রধানমন্ত্রী চাইছেন যাতে তৃতীয় টার্মিনাল সামনে দ্রুত চালু করা যায়। তা নিয়ে বিভিন্ন আলাপ-আলোচনা ও পরিকল্পনা চলছে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনও বলা যাচ্ছে না।”
তিনি বলেন, “থার্ড টার্মিনালের নির্মাণ প্রকল্পে কিছু অংশে সংস্কার ও নেটওয়ার্ক সমস্যার কারণে তা চালু হতে বিলম্ব হয়েছে। প্রকল্পের ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হলেও আগের অন্তর্বর্তী সরকারের সময় চালু করা সম্ভব হয়নি। এখন প্রধানমন্ত্রী বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকে অনুমোদিত হয়। প্রথম অনুমোদিত বাজেট ছিল ১৩,৬১০ কোটি টাকা, যা পরে ৭,৭৮৮.৫৯ কোটি টাকা বাড়িয়ে মোট প্রায় ২১,৩৯৮ কোটি টাকা হয়েছে। প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে, এবং জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
নতুন টার্মিনালে থাকবে ২৬টি বোর্ডিং ব্রিজ (প্রথম ধাপে ১২টি চালু হবে), ৩৬টি উড়োজাহাজ পার্কিং বে, ১১৫টি চেক-ইন কাউন্টার (এর মধ্যে ১৫টি সেলফ সার্ভিস) এবং ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টারসহ ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার। টার্মিনাল নির্মাণের জন্য ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিতসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং মিলে কাজ করেছে।
✍️ মন্তব্য লিখুন