ইয়ানূর রহমান : ২০১৬ সালে যশোরের চৌগাছায় ইসলামী ছাত্র শিবিরের দুই নেতার পায়ে গুলি ও নির্যাতনের মাধ্যমে পা বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল এই বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
মামলায় যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হক। বাকি ৫ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। পলাতকরা হলেন, যশোরের তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।
প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, ২০১৬ সালে চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করার পর ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এই নির্মম নির্যাতনের ফলে ক্ষতস্থানে পচন ধরে এবং পরবর্তীতে চিকিৎসকরা তাদের পা কেটে ফেলতে বাধ্য হন।
শুনানিতে বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেন, এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারে পড়ে না, তাই তারা আসামিদের অব্যাহতি চান। অন্যদিকে, প্রসিকিউশন পক্ষ একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে বিচারের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেন।#

✍️ মন্তব্য লিখুন