প্রাণ কুমার রায়,ঢাকা প্রতিনিধি
প্রকাশ ১৪,২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ-এ দীর্ঘদিন পর অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক আয়োজন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। বর্ণিল ব্যানার, ফেস্টুন, ঐতিহ্যবাহী পোশাক ও ঢাক-ঢোলের তালে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের অন্যতম আহ্বায়ক সদস্য মোঃ আহসানুর সাগর বলেন, “আমাদের শ্রদ্ধেয় ও আস্থাভাজন ছাত্রনেতা ইরফান আহমদ ফাহিম ভাই দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছেন এই কলেজে একটি ইতিহাসসৃষ্টিকারী নববর্ষ উদযাপন করবেন। আজকের এই আয়োজন তারই বাস্তবায়ন।”
তিনি আরও জানান, শুধু র্যালিই নয়, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পর এমন আয়োজন কলেজ ক্যাম্পাসে নতুন প্রাণ সঞ্চার করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, পহেলা বৈশাখ বাঙালির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ উৎসব তরুণদের অংশগ্রহণে বিশেষ মাত্রা পায়।
✍️ মন্তব্য লিখুন