ঢাকা, ৯ মার্চ ২০২৬
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিহত বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ নম্বর ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তাঁদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
একই ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরেছেন নিহতের ভাই মোহাম্মদ বুরান। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর পরিবারের সদস্যদের কাছে দ্রুত হস্তান্তরের লক্ষ্যে আইনি ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
সব আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরে নিজ এলাকায় নিয়ে গিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে আহমেদ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
✍️ মন্তব্য লিখুন