চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সন্ত্রাসী ও অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় তিন হাজার সদস্য অংশ নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে সমন্বিত এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অভিযান দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে।
কর্মকর্তারা জানান, অভিযানের অংশ হিসেবে এলাকায় যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে এলাকায় অপরাধীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ না থাকে। পাশাপাশি অপরাধীদের আশ্রয় ও সহযোগিতা বন্ধ করতে স্থানীয় পর্যায়েও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ ছিল। যৌথ বাহিনীর এই অভিযান এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হবে বলে আশা করছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ নিরাপদ করা এবং সেখানে সক্রিয় অপরাধচক্র ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত সাঁড়াশি অভিযান চলবে বলেও জানান তারা।
✍️ মন্তব্য লিখুন