নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি স্থানীয়ভাবে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে দায়িত্বে ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক দলীয় চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, গুরুতর ফৌজদারি অপরাধে গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।
এর আগে দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, মামলার সঙ্গে জড়িত একাধিক আসামিকে শনাক্ত করে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। পুলিশ ইতোমধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করার তথ্যও প্রকাশ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরী হত্যা মামলায় মোট ৯ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র আদালতে দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
✍️ মন্তব্য লিখুন