অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন বিল জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। তবে সময়সীমা শেষ হওয়ার আগ পর্যন্ত সারা দেশের প্রায় দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এখনো বেতন বিল সাবমিট করেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের তথ্য অনুযায়ী, দেশে মোট প্রায় ১৯ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজ রয়েছে। এর মধ্যে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত সাড়ে ১৭ হাজারের কিছু বেশি প্রতিষ্ঠান প্রধান অনলাইনে ফেব্রুয়ারি মাসের বেতন বিল দাখিল করেছেন।
অর্থাৎ নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান এখনো বিল জমা দেয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আজ রাতের মধ্যে বিল জমা না হলে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পেতে বিলম্বের মুখে পড়তে পারেন।
ইএমআইএস সেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেসব প্রতিষ্ঠান এখনো বেতন বিল সাবমিট করেনি, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই অবশিষ্ট প্রতিষ্ঠানগুলো বিল জমা দেবে।
জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অনলাইনের মাধ্যমে জমা দেন। পরে তা যাচাই-বাছাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতার অর্থ শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল পদ্ধতিতে বেতন বিল দাখিল ও অনুমোদনের ব্যবস্থা চালুর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রক্রিয়া এখন আগের তুলনায় আরও স্বচ্ছ ও দ্রুত হয়েছে। তবে সময়মতো বিল জমা না দিলে পুরো প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ঝুঁকি থাকে, যার সরাসরি প্রভাব পড়ে শিক্ষকদের নিয়মিত বেতন প্রাপ্তির ওপর।
✍️ মন্তব্য লিখুন