নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬
দেশের সব স্তরের মাদ্রাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন আলিম, দাখিল, ফাজিল ও কামিলসহ সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটিকে দ্রুত নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের কথা বলা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন পরিস্থিতি বিবেচনায় দেশে বিভিন্ন পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজন না করার জন্য পূর্বে একটি পত্র জারি করা হয়েছিল। নির্ধারিত ওই সময়সীমা ইতোমধ্যে শেষ হওয়ায় এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্থগিত থাকা নির্বাচন কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে।
এ প্রেক্ষাপটে বোর্ড জানিয়েছে, তাদের অধিভুক্ত সব মাদ্রাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন বিধিমালা অনুযায়ী আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন তফসিল ঘোষণা এবং স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে।
শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কমিটি পুনর্গঠনের মাধ্যমে মাদ্রাসাগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং নীতিনির্ধারণ, আর্থিক ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
বোর্ড সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে।
✍️ মন্তব্য লিখুন