নিজস্ব প্রতিবেদক
তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বড় একটি তরুণ জনগোষ্ঠী যদি দেশ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে সেই পরিবর্তন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, তা তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। এবার একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।
দেশ পুনর্গঠনে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে স্কাউটের সদস্যসংখ্যা প্রায় ২৩ লাখ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সদস্যসংখ্যা প্রায় ২২ হাজার এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি। এত বিপুলসংখ্যক মানুষ দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজে যুক্ত হলে বড় পরিবর্তন সম্ভব।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকে যদি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সময় দেন, তাহলে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের কর্মসূচি
অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব না হলেও ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে ডেঙ্গু বা পরিচ্ছন্নতার মতো সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দেশটি সবার। তাই দেশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে রাষ্ট্রের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের সঙ্গে তরুণদের সম্পৃক্ততার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
✍️ মন্তব্য লিখুন